বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক উজ্জ্বল সরকার ও আরোহী শিকর। তাঁদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেল যোগে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জ্বল সরকার ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উজ্জ্বল সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। মোটরসাইকেলে দুজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। তাঁরা দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনের লাশ ঘটনাস্থল থেকে এবং আরেকজনের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এআরআই/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)
