বিকাশ স্বর্ণকার, বগুড়া : শীতের আগমনে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল তাঁতপল্লী সহ আশপাশের ২৫ গ্রাম এখন তাঁতের খটখট শব্দে মুখরিত। চরকায় অবিরাম ঘুরছে উলের সুতা। কম্বলের পাশাপাশি এসব গ্রামে তৈরি হচ্ছে বিছানার চাদর,লুঙ্গি ও গামছা। তবে সুতা ও আনুষঙ্গিক উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই এই শিল্পে।

সরেজমিনে নশরতপুর ইউনিয়নের শাওইল গ্রামে প্রবেশ করতেই কানে আসে তাঁতের খটখট শব্দ। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত সময় পার করেন। বছর জুড়েই কমবেশি তাঁতের কাজ চলে। কেউ গার্মেন্টসের ছাঁট কাপড় থেকে সুতা তুলছেন, কেউ চরকায় সুতা নলিতে ওঠাচ্ছেন, আবার কেউ সুতা ববিন করছেন। এই কাজে শিশুদেরও সহযোগিতা করতে দেখা যায়। প্রতিটি বাড়ির আঙিনা ও ঘরে বসানো তাঁতযন্ত্র চলছে দিনরাত। প্রতি বাড়িতেই রয়েছে ১ থেকে ১০টি তাঁত। এর কোনোটি চাকাওয়ালা, কোনোটি আবার বাঁশ ও কাঠ দিয়ে হাতে তৈরি। শীত শুরুর আগে থেকেই কম্বল বোনা শুরু হয়।শুধু শাওইল নয়, দত্তবাড়িয়া, মঙ্গলপুর, দেলিঞ্জা, পুশিন্দা, দেওড়া, বিনাহালী, কেশরতাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের চিত্র একই।

স্থানীয়রা জানান, দেশের তাঁতশিল্পে শাওইল ও আশপাশের তাঁতিদের অবদান অনেক। উত্তরবঙ্গের এই তাঁতিগোষ্ঠী যুগ যুগ ধরে তাঁতের ঐতিহ্য ধরে রেখেছে। শীতে এই গ্রামগুলোর মানুষের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এসব গ্রামে ১০ হাজারেরও বেশি তাঁতি পরিবার রয়েছে। এই শিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন অন্তত ৫০ হাজার মানুষ।শীতে তৈরি কম্বল, চাদর, লুঙ্গি ও গামছা বিক্রির জন্য এখানে গড়ে উঠেছে একটি হাট। হাট বসে ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত। দূর-দূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের পদচারণায় হাট ও গ্রামের পথঘাট মুখর হয়ে ওঠে। রাজধানী ঢাকা সহ সারা দেশের ব্যবসায়ীদের মধ্যে চাদর, কম্বল ও সুতা কেনার হিড়িক পড়ে যায়।

তাঁতিপল্লীর বকুল, একরাম,আমেনা সহ অনেকেই বলেন,চরকার চাকার সঙ্গেই যেন এই গ্রামের মানুষের ভাগ্য ঘোরে। তাঁরা জানান, আগে সুতার দাম কম থাকায় ভালো লাভ হতো, এখন দাম বেশি হওয়ায় লাভ প্রায় নেই বললেই চলে।

তাঁত কারিগর শহিদুল ইসলাম বলেন, এখানকার কম্বল খুব উন্নতমানের হওয়ায় সারা দেশে এর চাহিদা রয়েছে। কিন্তু এই পেশায় এখন আমরা লাভের মুখ দেখি না।

স্থানীয়দের মতে, শাওইলের চাদর ও কম্বল ঘিরে হাজারো সম্ভাবনা থাকলেও সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁতিদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হলে এটি দেশের অন্যতম রপ্তানি খাত হতে পারত বলে তাঁরা মনে করেন।

(বিএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)