শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
স্টাফ রিপোর্টার : শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব কম্বল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কম্বল কেনা হবে।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত জনগোষ্ঠীর জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতিবছর সরকার কম্বল কিনে বিতরণ করে। ২০২৬-২০২৭ অর্থবছরে এ খাতে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার জন্য নতুন প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
প্রস্তাবে বলা হয়েছে, অবশিষ্ট বরাদ্দের অর্থে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। এতে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মধ্যে যথাসময়ে কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা-২০২৫ (পিপিআর-২০২৫) অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে এসব অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে সময়মতো কম্বল বিতরণ জরুরি হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ খাতে ব্যয় করা হবে সরকারের নিজস্ব অর্থায়নে (জিওবি)। অনুমোদিত নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
