২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজার নারী স্বজনের হাতে খুন হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারেরও বেশি নারী —অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন তাদের আত্মীয়স্বজনের হাতে খুন হয়েছেন। এই সংখ্যাটি আগের বছরগুলোর তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের প্রাক্কলন অনুযায়ী, গত কয়েক বছরে অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।
‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই তাদের অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন।
নিহত ৪৭ হাজার নারীর এই সংখ্যাটি নির্দেশ করে যে, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সংখ্যাটি নির্ণয় করা হয়েছে।
২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী, যার মধ্যে ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত পরিসরে (যেমন—পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের গণ্ডির ভেতর)। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হওয়ার হার ছিল ১১ শতাংশ।
জাতিসংঘ জোর দিয়ে বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে কেবল ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যকার সম্পর্কই নয়, বরং বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি।
বিশ্বের কোনো অঞ্চলই পুরোপুরি নিরাপদ নয়; তবে আফ্রিকা অঞ্চলে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও মেয়েশিশু হত্যার সংখ্যা আবারও সবচেয়ে বেশি—২২ হাজার ১০০ জন।
এর পরেই রয়েছে এশিয়া (১৫,১০০ জন), এরপর আমেরিকা (৭,৪০০ জন), ইউরোপ (২,১০০ জন) এবং ওশেনিয়া (৩০০ জন)।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও, নারীদের হত্যার হার (ফেমিসাইড) তুলনামূলক ধীরগতিতে কমেছে—বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে।
জাতিসংঘের মতে, এটি ইঙ্গিত দেয় যে “এই অপরাধগুলো সামাজিক প্রথা এবং লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার (জেন্ডার স্টেরিওটাইপ) গভীরে প্রোথিত।” এছাড়া, এটি বিচার ব্যবস্থায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলোর দিকেও নির্দেশ করে।
‘ফেমিসাইড’ বলতে নারী ও মেয়েশিশুদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডকে বোঝায়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের সংঘটিত হত্যাকাণ্ডের বাইরেও, এই পরিধিটির অন্তর্ভুক্ত হতে পারে সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু হত্যাকাণ্ড।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত পরিসরের বাইরে সংঘটিত ফেমিসাইডের তথ্য অত্যন্ত সীমিত। ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এই সমস্যার প্রকৃত মাত্রা নিরূপণ করা সম্ভব হচ্ছে না।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
