রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান।

মামলা সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই কিশোরীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন জাহিদুল। একপর্যায়ে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন তিনি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী। পরে গর্ভপাতের ঘটনায় মৃত পুত্রসন্তানের জন্ম হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে জাহিদুল ইসলাম ও তাঁর বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান- গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহিদুল ইসলাম। মামলায় বাদীসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত জাহিদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
(আরআর/এএস/নভেম্বর ২৬, ২০২৬)