নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, নগরকান্দার উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা টিটিসি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শওকত আলী শরীফ, নগরকান্দা থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দাউদুর রহমান, এলইও গোলাম আযমসহ খামারি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক ও টেকসই পশুপালন পদ্ধতি এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী খাতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(পিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
