গোপালগঞ্জ প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়জেন করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।

এ উপলক্ষ্ হাউজিং মাঠে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিএম সরফরাজ। পরে তিনি অতিথিদের সাথে নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র ইনসস্ট্রাকটর ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিএম সরফরাজ। খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মো: ইয়াহিয়া। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো: ছরোয়ার হোসেন সিকদার, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইন সহ আরো অনেকে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, প্রাণিসম্পদকে সরকার রপ্তানিমুখী করতে উদ্যোগ নিয়েছে। তাই আমরা প্রাণি সম্পদে উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করতে চাই। সর্বশেষ আমরা হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করেছি। কাজী হ্যাচারি এটি করেছি। কাজী হ্যাচারির মালিকের বাড়ি এ জেলায়। এছাড়াও আমরা দই, মিষ্টি, রসমালাই, মাংস সহ বিভিন্ন প্রাণিজ উপাদান বিদেশে রপ্তানি করছি। শুধু প্রোডাকশনের ভিতরে না থাকে, আমরা রপ্তানিমুখী হতে—আজকের এ আয়োজন করেছি। এছাড়া আমরা খামারিদেরকেও আধুনিকায়ন করতে চাই। আমাদের কাছে যে সমস্ত আধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো খামারিদেরকে প্রদর্শন করিয়েছি। এটির আরো একটি উদ্দেশ্য হচ্ছে খামারিদেরকে আধুনিকীকরণ।

(টিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)