ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
রাসেল আহমদ
তারেক রহমান সরকারের বিরোধী দলীয় নেতা, যুদ্ধাপরাধী দল জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ছয় দিনের বিদেশ সফরে বেরিয়ে মাত্র চার দিনের মাথায় সব কর্মসূচি গুটিয়ে বিমানবন্দরের পথ ধরলে তা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। নির্ধারিত সফরের মালয়েশিয়া অংশ সম্পূর্ণ বাতিল করা হয়েছে, বাতিল হয়েছে ক্যানবেরার সংবর্ধনাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসার কারণ হিসেবে 'একান্ত প্রয়োজন' এবং ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের কথা বলা হলেও বাস্তব প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষত, বিদেশযাত্রার ঠিক আগেই বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে সিডনির উদ্দেশে রওনা হওয়ার পর মাত্র চার দিনের ব্যবধানে এমন কী পরিস্থিতি তৈরি হলো, যার কারণে মালয়েশিয়ায় এক দিনও অবস্থান করা সম্ভব হলো না- এই প্রশ্নটিই এখন সামনে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষক মাসুদা ভাট্টির মতে, সফরের আকস্মিক সমাপ্তির পেছনের কারণ ঢাকার বৈঠকের চেয়েও বেশি যুক্ত ছিল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা ও সম্ভাব্য প্রশাসনিক পদক্ষেপের আশঙ্কার সঙ্গে। জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের এই সফর নিয়ে দেশের একটি প্রথম সারির দৈনিকে 'ভিসা বাতিলের শঙ্কায় সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াতের আমির'-এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার দাবি করেছেন এই ভূ-রাজনৈতিক বিশ্লেষক। তবে আরও জোরালো আলোচনায় আসে। গত ২০শে নভেম্বর রাতে তিনি সিডনিতে পৌঁছান এবং পরদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে, যেখানে কয়েকজন অস্ট্রেলীয় সংসদ সদস্যের উপস্থিত থাকার কথাও শোনা যায়।
এরপরই 'দ্য অস্ট্রেলিয়ান' পত্রিকা পুরনো বক্তব্য ও নথি সামনে নিয়ে আসে। সেখানে উল্লেখ করা হয় যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর জামায়াতের আমির তাকে 'বীর' আখ্যা দিয়েছিলেন এবং ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শাহাদাতের দোয়া করেছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ায় দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে আলবানিজ সরকারের কাছে জানতে চায়, কী প্রক্রিয়ায় তাকে ভিসা দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে প্রশ্ন রাখেন যে সামাজিক সম্প্রীতির যুক্তিতে আয়েলেট শাকেদ ও সিমচা রথম্যানের মতো ইসরায়েলি রাজনীতিবিদদের প্রবেশে বাধা দেওয়া হলেও হামাস নেতাদের প্রশংসাকারীকে কেন স্বাগত জানানো হলো। অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এবং একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াত নেতাদের দণ্ডিত হওয়ার ইতিহাস স্মরণ করিয়ে দেন। চাপে পড়ে যাওয়া আলবানিজ সরকারের জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
ঠিক এই প্রেক্ষাপটে সিডনির মাইগ্রেশন বিশেষজ্ঞ রেমন সালোমন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ভিসা বাতিলের আনুষ্ঠানিক আবেদন জমা দেন। তিনি প্রশ্ন তোলেন, মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর ভিসা যে যাচাই-বাছাইয়ের প্রেক্ষিতে বাতিল করা হয়েছিল, সেই একই মানদণ্ড অতিক্রম না করে কীভাবে জামায়াতের আমির অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেন?
অস্ট্রেলিয়ার অভিবাসন আইনে কারও ভিসা বাতিল হলে তাৎক্ষণিকভাবে তিনি বেআইনি অবস্থানকারী হিসেবে গণ্য হন এবং বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিবাসন আটক কেন্দ্রে নেওয়ার বিধান রয়েছে, যা বাস্তবে আটক বা গ্রেফতারের শামিল।
চলতি বছরের এপ্রিলে সফরের মাঝপথে আজহারীর ভিসা বাতিল হয়ে বহিষ্কারের অপেক্ষায় থাকার ঘটনা এবং পরবর্তীতে আহমাদুল্লাহর ক্ষেত্রেও একই পরিণতি দেখা যায়। অক্টোবরেই টনি বার্ক ভিসা প্রদানের আগে অতীত আচরণ খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। যদিও এবার সরকার নির্দিষ্ট এই ভিসা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য না করে কেবল চরিত্র ও নিরাপত্তা যাচাইয়ের সাধারণ নীতির কথা বলেছে, তবু দ্বিমুখী নীতির অভিযোগ থেকে বাঁচতে ভিসা বাতিলের পথই সহজ হতে পারত বলে মনে করা হচ্ছে। ফলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই কিংসফোর্ড স্মিথ বিমানবন্দর দিয়ে তড়িঘড়ি দেশ ছাড়ার সিদ্ধান্তকে অনেকেই সম্ভাব্য বিব্রতকর পরিণতি এড়ানোর কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকেই একে 'পালিয়ে বাঁচা' আখ্যায়িত করেছেন।
অবশ্য বিশ্লেষক মাসুদা ভাট্টি ও বিভিন্ন সূত্র জানা গেছে - অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির কিছু প্রতিনিধি এসব সমালোচনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্রহননমূলক বলে অভিহিত করেছেন। তাদের মতে, হানিয়ার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানানো সন্ত্রাসবাদ সমর্থন নয়; তুরস্ক ও কাতারের নেতারাও একই ধরনের নিন্দা জানিয়েছিলেন। তবে সমালোচকদের যুক্তি, হত্যাকাণ্ডের নিন্দা জানানো আর একজন সশস্ত্র কমান্ডারকে 'বীর' বলা এক বিষয় নয়; উপরন্তু রাষ্ট্রপ্রধানদের কূটনৈতিক সুরক্ষা থাকলেও একজন দলীয় নেতাকে ভিজিটর ভিসার চরিত্রগত শর্ত পূরণ করতে হয়।
এই ঘটনার ছায়া গিয়ে পড়েছে ঢাকার রাজনীতিতেও। বর্তমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের কথা বলা হলেও বাস্তবে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে জুলাই সমর্থক গোষ্ঠী গুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান আলোচনা শুরু করেছেন বলে আলোচনা রয়েছে।
একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতকে উহ্য রেখে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গঠিত সরকার ও তথাকথিত বিরোধী দল যখন রাষ্ট্রে ও সমাজব্যবস্থায় ভয়াবহ বিভক্তি ও ভাঙনের পথে হাঁটে, রাষ্ট্রযন্ত্র তখন দূর্বল ও ক্ষয়িঞ্চু হতে শুরু করে। যখন সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের অপ্রাসঙ্গিক করতে, তাদের হত্যা, বাড়ী-ঘর ও জীবিকার উৎস আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করা, মবোক্রেসি ও মিথ্যা মামলায় বিনা বিচারে অনিশ্চিত মেয়াদে জেলবন্দী করে রাখা চলমান রেখে আরও টুঁটি চেপে ধরতে বা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায় 'মাথা গুঁড়িয়ে দিতে'- রাষ্ট্রযন্ত্রকে অধিকতর নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করতে, সোজাকথায় আওয়ামী লীগ দমন-পীড়নের একই অভিন্ন লক্ষ্যে অভিন্ন টেবিলে বসে, তখন সেই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব ও চরিত্র প্রশ্নবিদ্ধ হয়। অবশ্য সিডনি থেকে পালিয়ে বাঁচার ঘটনাকে আড়াল করার জন্যই 'প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক' একটি সুবিধাজনক উপলক্ষ বা রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হয়েছে কি না, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে, সময়ের চাকা ঘুরছে। রাজনৈতিক সমীকরণও পাল্টে যাচ্ছে। দেখা যাচ্ছে, দেশি-বিদেশি নানা মহলে যে পরিচয় কখনো কখনো অনুকূল সমীকরণ তৈরি করে, আন্তর্জাতিক আইনি ও জনমত যাচাইয়ের কাঠগড়ায় তা ভিন্নভাবেও মূল্যায়িত হতে পারে। ঢাকায় যা ক্ষমতার হিসাবের অংশ, বিদেশের মাটিতে তা সন্দেহ ও জবাবদিহির বিষয়ে পরিণত হতে পারে। ভিসা বাতিলের সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে দ্রুত সরে আসার এই ঘটনা ভবিষ্যতের কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নতুন সতর্কবার্তা হিসেবেই দেখতে হবে । তাই ২০২৪ এ সংঘটিত 'জুলাই সন্ত্রাস' নাকি তথাকথিত 'ছাত্রজনতার অভ্যুত্থান' এ নিয়ে ভূ-রাজনৈতিক সিদ্ধান্তও কিন্তু দৃশ্যমান হতে শুরু করেছে। আর ইতিহাস তার কোন অধ্যায়ে ২০২৪ এর জন্য ঠাঁই রেখেছে সেই সিদ্ধান্ত ইতিহাসের দায়। ইতিহাসের ন্যায় বিচারের প্রশ্নে আপোষহীন। ভুলে গেলে চলবেনা যে, ইতিহাস তার কালো অধ্যায়ের জন্যও পাতা সংরক্ষিত রাখে।
লেখক : ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট।
