পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কুষ্টিয়া জেলার খোকসা থানার ঈশ্বরদী গ্রামের বাবলু (বাবুল) রায়ের ছেলে তন্ময় রায় (৩২) এবং পাংশা উপজেলার ভাতশালা গ্রামের ময়েন উদ্দিন খানের ছেলে মো. ইকবাল খান (৩২)।
পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে ভাতশালা এলাকার মমিন মল্লিকের মুদি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. আবেদ আলী ও সঙ্গীয় ফোর্স। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা ডিজিটাল স্কেলে মেপে ইয়াবাগুলোর ওজন ৫ গ্রাম পাওয়া যায়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. আবেদ আলী বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, তারিখ-২৫ নভেম্বর ২০২৬; জিআর নং-২৩৪/২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু হওয়া এ মামলায় গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
(একে/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
