শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে একহাজার ৯১৫ পিস ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ১৩। অন্যদিকে দিনাজপুর ব্যাটালিয়ন- ৪২ বিজিবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এসআরবি-১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,বুধবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান চালিয়ে মাদকসহ ওই দম্পতিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার জোতবহবল ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মোছা. ফরিদা (৩২)।

এসআরবি জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল কোতোয়ালি থানাধীন বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)