রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় খালের পানিতে ডুবে আলামিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় উত্তরাধিকার ৭১ নিউজকে শিশু আলামিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

শিশু আলামিনের বাবা আসাদুল স্থানীয় আড়পাড়া গ্রামে ইসরাফিলের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বাড়ি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।

মধুখালি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় আলামিন হাঁটতে হাঁটতে বাড়ির পাশের খালে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা খালের পানিতে তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থায়ীয় ইউপি চেয়ারম্যান ও নিহত শিশু আলামিনের পরিবার কর্তৃক বিষয়টি নিষ্পত্তি হওয়ায় মধুখালী থানায় এ বিষয়ে কোনো অপমৃত্যুর মামলা হয়নি বলেও জানিয়েছে মধুখালী থানা পুলিশ।

(আরআর/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)