রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ বাড়ির সামনের রাস্তায় মাদক সেবনের দায়ে মো. জসিম (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে পৌরসভার চর ভবসুর সরদারপাড়া এলাকায় এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত মো. জসিম ওই এলাকার মৃত মনুমিয়ার ছেলে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জসিম তার নিজ বাড়ির সামনের রাস্তার পাশে মাদক সেবন করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সমাজে মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)