নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো: ফরহাদ মোল্যা নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের ৭/৮টি বাড়ি ভাংচুর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত ফরহাদ মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামের পুর্বপাড়ার গফুর মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামে এ হ'ত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল ছায়ামানারচর গ্রামের দাউদ মোল্যা ও মাওলানা আবুল হাসানের মধ্যে। এনিয়ে আদালতে মামলা-মোকদ্দমা হওয়ার পর আদালত মাওলানা আবুল হাসানের পক্ষে রায় দেন। শুধু তাই নয়, বিরোধপূর্ণ জমি মাওলানা আবুল হাসানের দখলে রয়েছে। শুক্রবার সকালে ওই জমিতে মাওলানা আবুল হাসানের পক্ষে ফরহাদ মোল্যাসহ অন্যন্য কৃষাকেরা ধান কাটতে যায়। এ সময় ওৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন কৃষকদের ওপর হামলা করে। এ সময় ফরহাদ মোল্যাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লাহুড়িয়ার কালিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ হত্যার ঘটনার পর প্রতিপক্ষের ৭/৮টি বাড়ি ভাংচুর করা হয়েছে।
লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই জুয়েল বলেন, জমিজমা সংক্রান্তের জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
(আরএম/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)
