স্টাফ রিপোর্টার : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু ‘বিস্ময়কর’ আবিষ্কারের তথ্য রয়েছে যা আগামী কয়েক মাসের মধ্যেই  বৈশ্বিক ‘সংবেদনশীল’ তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে। এতে ব্যাংক ও সরকারের নিরাপত্তাব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ব্যাংক ও সরকারের নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত এনক্রিপশন ব্যবস্থাকে আগামী কয়েক মাসের মধ্যেই বড় ধরনের বিপদে ফেলতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এসব যুগান্তকারী আবিষ্কার।

এআইয়ের এমন অগ্রগতিতে ঝুঁকিতে রয়েছে ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ইমেইল। এমনটি ঘটলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে খুব অল্প সময়ের মধ্যে তাদের যোগাযোগব্যবস্থার ভিত্তি নতুন করে সাজাতে হতে পারে। অন্যথায় অত্যন্ত সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হবে।

শনিবার (২৮ নভেম্বর) এআই সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এমন আশঙ্কা করছেন বলে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এআই খাতে ঠিক কী ধরনের আবিষ্কার সামনে এসেছে, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন কোনো পদ্ধতি বের করেছে। শক্তিশালী ডিক্রিপশন বা সাংকেতিক তথ্য উন্মোচনের সক্ষমতা তৈরি হওয়ার আশঙ্কায় গত কয়েক বছর ধরেই সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। এর কারণ, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে সেগুলো কয়েক দশক ধরে ব্যবহৃত এনক্রিপশন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করা অনেক অ্যালগরিদম ভেঙে দিতে সক্ষম হবে।

তবে, কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে এ ধরনের এনক্রিপশন ভাঙার সক্ষমতা অর্জনে কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এমনটি ঘটার আশঙ্কা নেই।

এ ধরনের আবিষ্কারের ভিত্তি হতে পারে এনক্রিপশন ব্যবস্থার পেছনে থাকা গাণিতিক কাঠামো বিশ্লেষণ। এত দিন পর্যন্ত এসব গণিতের অনেক বিষয় পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি। এআই যদি এসব গাণিতিক সমস্যার সমাধান করে থাকে, তাহলে গোপন তথ্যের এনক্রিপশন ভেঙে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য উন্মোচনের পথ তৈরি হতে পারে।

বিশিষ্ট তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন বলেছেন, কয়েক দশক পুরোনো গণিতের এমন কিছু সমস্যার সমাধান নিয়ে ‘বিশ্বাসযোগ্য গুঞ্জন’ শোনা যাচ্ছে। এগুলো বিশ্বের গোপন তথ্য কীভাবে সংকেতায়িত করা হয় তার সঙ্গে সম্পর্কিত।

অ্যারনসন ও অন্য বিশেষজ্ঞদের এই উদ্বেগের সূত্রপাত গত কয়েক সপ্তাহে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর ঘোষিত বেশ কয়েকটি গাণিতিক অগ্রগতি থেকে। এসব অগ্রগতির অধিকাংশই তাত্ত্বিক। তবে, সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতে, এগুলো ইঙ্গিত দিচ্ছে যে এআই এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে, যেগুলো অদূর ভবিষ্যতে সমাধান করা সম্ভব হবে না বলে মনে করা হত।

চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে, এআই গবেষণাগারগুলো ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্যপ্রযুক্তি নিয়ে এক বা একাধিক বিস্ময়কর আবিষ্কার নিজেদের কাছে গোপন রেখেছে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, ‘যারা মনে করতেন এআই গণিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু করতে পারবে না, তারা এখন নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন। এ পর্যায়ে এসে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সোতোয় বলেন, এসব আবিষ্কারের বৃহত্তর প্রভাব কী হতে পারে এবং এনক্রিপশন ব্যবস্থার জন্য এর অর্থ কী, তা এখনো জানা যায়নি।

তবে তিনি বলেন, ‘আমাদের সব ইলেকট্রনিক গোপন তথ্যের সুরক্ষার কেন্দ্রবিন্দুতে যে সমস্যাটি রয়েছে, তা নিয়ে কেউ কথা বলছেন না। কেন কেউ সেই সমস্যাটি নিয়ে কথা বলছেন না? আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন, হয়তো তারা ইতোমধ্যে এর সমাধান করে ফেলেছেন। আর এর প্রভাব এতটাই ব্যাপক হতে পারে যে সবাই বিষয়টি গোপন রাখছেন।’

দ্য গার্ডিয়ানকে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এনক্রিপশন ব্যবস্থার ওপর নির্ভরশীল বড় ব্যাংক ও সরকারগুলোকে পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন।

মারডক বলেন, অনেক সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে এমন উন্নত এনক্রিপশন ব্যবস্থার দিকে এগোচ্ছে, যা কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণের মুখেও সুরক্ষিত থাকবে। তবে, এ প্রক্রিয়া বেশ ধীরগতিতে এগোচ্ছে।

তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের মতো একটি সময়। সেটিও সম্ভবত অর্জন করা যাবে না।’

তবে মারডক, অ্যারনসনসহ অন্য বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে বিশ্বের প্রচলিত ধারণায় আকস্মিক বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর সেটি ঘটতে পারে খুব শিগগিরই।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)