‘শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি’
বিনোদন ডেস্ক :
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নিয়মিত অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তবে, কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে গল্প ও চরিত্রের প্রতি বরাবরই গুরুত্ব দিয়েছেন তিনি। যে গল্প তাকে আকৃষ্ট করে এবং যে চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে, সেখানেই কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী। সেই ভাবনা থেকেই এবার যুক্ত হয়েছেন শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমায়। আজ দীপা খন্দকারের জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে তার।
বর্তমানে ‘আবার দেখা হলে’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও তুষি। আরও রয়েছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে দীপা খন্দকার বলেন, “বেশ কিছুদিন ধরে সিনেমাটির কাজ করছি। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। গল্পটি খুব সুন্দর। আমাদের চারপাশে যে মধ্যবিত্ত জীবন দেখি, সেই জীবনের নানা আবেগ, সম্পর্ক ও মূল্যবোধ এখানে উঠে এসেছে। সব মিলিয়ে কাজটি করতে খুব ভালো লাগছে। সিনেমার পুরো ইউনিটও বেশ গোছানো ও পরিপাটি।”
নিজের অভিনয় ভাবনা তুলে ধরে এই অভিনেত্রী আরো বলেন, “একজন শিল্পী হিসেবে ভালো গল্প এবং সুন্দর একটি চরিত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ। সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি চাই, দর্শক হলে গিয়ে এটি দেখুক। শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি। গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই রাজি হয়েছি। ‘আবার দেখা হলে’র ক্ষেত্রে গল্পটি আমাকে আকৃষ্ট করেছে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। ঈদে মুক্তির কথা রয়েছে। তাই সিনেমাটি নিয়ে প্রত্যাশাও অনেক।”
‘ফিল্মি ফিচারস’-এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির সহ-প্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘ইন অ্যাসোসিয়েশন উইথ এমআইবি স্টুডিওস’ প্রযোজনায় নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
