এ,কে, আজাদ, রাজবাড়ী : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের উদ্যোগে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ী জেলা বিএনপি এবং রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। এতে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জনসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

(একে/এএস/নভেম্বর ২৯, ২০২৬)