‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’
স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, এভাবে সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ওই পোস্টে রাশেদ খাঁন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাতের টক শোর একটি ভিডিও জুড়ে দেন। যেখানে আরাফাতের উদ্ধৃতি দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’।
রাশেদ খাঁন তার পোস্টে বলেন, আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে। গতকাল (শনিবার) রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...। পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটি বারের জন্যও স্পষ্ট করে বলেনি!
‘এরমধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।’
রাশেদ খাঁন আরও বলেন, যারা আগুন-সন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)
