স্টাফ রিপোর্টার : উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নে চারটি মানদণ্ড মেনে চলার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মানদণ্ডগুলো হলো- অর্থের যথাযথ মূল্য বা ‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, পরিবেশগত বিবেচনা এবং কর্মসংস্থান সৃষ্টি।

তিনি বলেন, সরকারি সম্পদের দক্ষ ব্যবহার এবং নাগরিকদের দৃশ্যমান সুফল নিশ্চিত করতে প্রতিটি উন্নয়ন উদ্যোগ এসব মানদণ্ডে যাচাই করতে হবে।

রবিবার (২৯ নভেম্বর) ‘সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো (জুলাই ২০২৬–জুন ২০৩১)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।

সরকারের আর্থিক সম্পদের ওপর চাপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা জরুরি।

তিনি বলেন, কোনো কর্মসূচি বা প্রকল্প নির্ধারিত লক্ষ্য কিংবা বাস্তবায়নের পথ থেকে বিচ্যুত হলে তা সময়মতো সংশোধন করতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মসূচিগুলো উন্নয়ন সহযোগীদের অগ্রাধিকার ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে দেশের উন্নয়নের বাস্তবসম্মত রূপরেখা ও কৌশলগত দিকনির্দেশনা হিসেবে কাজ করতে হবে। উন্নয়নের অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য কৌশলে রূপ দিতে হবে, যেখানে সরকারি কর্মকর্তাদের ভূমিকা হবে মুখ্য।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নানা জটিলতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি সরকারের নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের ওপর জোর দেন।

বিএনপির ৩১দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও সংস্কারের অগ্রাধিকারগুলোকে সুনির্দিষ্ট উন্নয়ন উদ্যোগে রূপ দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। এ জন্য পরিকল্পনা প্রক্রিয়ায় সামঞ্জস্য ও ধারাবাহিকতা দরকার। উন্নয়ন পরিকল্পনা হতে হবে সমন্বিত, একটি আরেকটির পরিপূরক এবং সরকারের বৃহত্তর সংস্কার কর্মসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)