রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (SOD)’-এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-এ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) ও উপসচিব তাসনুভা নাশতারান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি মো. লোকমান আহমেদ,সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।

এছাড়াও প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি সাড়াদান এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে ‘এসওডি (SOD)’ নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

(আরএম/এএস/নভেম্বর ২৯, ২০২৬)