শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। আজ রবিবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে  খেটে-খাওয়া মানুষ। আগামী কয়েক দিনের আবহাওয়ার তাপমাত্রা আরো কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর শহরের শ্রমিকের হাট হিসেবে খ্যাত ষষ্টিতলা মোড়ে সকাল পৌনে ১১ টাতেও শ্রমিকদের জড়োসড়ো হয়ে কাজের জন্য অপেক্ষা করতে দেখা দেখা গেছে। ৬০ বছর বয়সের মমিনুল ইসলাম জানান, ‘কি করিম বাহে। হামরা সারাদিন মানুষের ঠেনা (কাছে) কাজ করি, আর রাইতত (রাতে) বাজার করিয়া বাড়িত ফিরি। কিন্তু এই ঠান্ডাত কোন্ঠেও ঠিকমতোন কাজ করিবার পারছু না এইথেনা (এইখানে) বয়স্ক লোক দেখিলে কেউ কাজে নেবার চাহে না। আইজকা কোনো ঠেনা (কোথাও) কাজ না পাইলে মোর(আমার) পরিবার কিভাবে চলিবে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, হিমালয়ের পাদদেশের জেলা হওয়ায় বৃহত্তর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) দিনাজপুর জেলায় জেঁকে বসেছে শীত। আজ রবিবার সকাল ৯ টায় দিনাজপুরে ১৪ এবং পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে গত কয়েক দিন থেকে শীতের তীব্রতা বাড়ায় ঠাণ্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। দেখা দিয়েছে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার প্রকোপ।

(এসএস/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)