E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট

২০২৬ আগস্ট ৩০ ১৮:৪০:৪২
কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট

রিপন মারমা, রাঙামাটি : টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানির চাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৩ ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদে পানির মাত্রা দ্রুত বাড়ায় গত শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় কর্তৃপক্ষ প্রথম দফায় ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়। ওই সময় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছিল। তবে পানির চাপ না কমায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে স্পিলওয়েগুলো ১ ফুট করে খুলে দিলে নির্গমনের পরিমাণ বেড়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক হয়। পরবর্তীতে রবিবার (৩০ আগস্ট) ভোর ৭টায় গেটগুলোর উন্মুক্তকরণের মাত্রা বাড়িয়ে ২ ফুট এবং সকাল ১০টায় তা ৩ ফুট করা হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ১০৬ দশমিক ০২ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে হ্রদের মোট ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এদিকে পানি নিয়ন্ত্রণে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও পূর্ণমাত্রায় সচল রাখা হয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে সবগুলো সচল রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। উল্লেখ্য, এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবাহ বাড়লে বা কমলে স্পিলওয়ে গেট খোলার মাত্রা পরবর্তীতে সে অনুযায়ী সমন্বয় করা হবে।

(আরএম/এসপি/আগস্ট ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test