E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৮:৪৬:৫২
সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা, প্রল্লাদ কুমার শীল, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test