E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ

২০২৬ অক্টোবর ০৬ ১৮:৪৭:৪০
লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের নিয়ে সচেতনতা সভা ও চাল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে এ সচেতনতা সভা ও ভিজিএফের চাল বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশন (ভূমি) এরফানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেত্রী তাসলিমা বেগমসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের সদস্য ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে জেলেদের জীবিকা ও দেশের অর্থনীতি উভয়ই সমৃদ্ধ হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে। আগামী ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে লৌহজং উপজেলার তালিকাভুক্ত নিবন্ধিত ১ হাজার জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল সরকারি মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

(এমকে/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test