E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

২০২৬ অক্টোবর ১০ ১৮:৩৩:৫১
রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে চাঞ্চল্য সৃষ্টি করা চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে পেট কেটে বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো— রাজবাড়ী সদর থানার দাদসী ইউনিয়নের বক্তারপুর এলাকার ফিরোজ সরদার বাবু (৩৪) ও মো: রিয়াজ সরদার (২৩) এবং সমেসপুর এলাকার মো: শরীফ (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোন কল পেয়ে দাদসী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকার নিজ বাড়ি থেকে বের হন রোহান। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯১) করা হয়।

পরবর্তীতে ৮ অক্টোবর বিকেলে দাদসী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে রোহানের বস্তাবন্দী ও পেট কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রোহানের পিতা মোঃ ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৪ টার দিকে দাদসী ইউনিয়ন ও তার আশপাশের এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে রোহানকে ডেকে নেওয়া হয়। এরপর গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। লাশ যেন পানির নিচে ডুবে থাকে এবং ভেসে না ওঠে, সে জন্য ধারালো চাকু দিয়ে পেট কেটে দেওয়া হয়। পরে বালু ভর্তি বস্তার সাথে বেঁধে মৃতদেহটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয় ঘাতকেরা।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে, তাদের শয়নকক্ষ ও আশপাশের এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট এবং ভিকটিমের পরিহিত স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মফিজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test