E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক

২০২৬ অক্টোবর ০২ ১২:৪০:২৮
নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বিদেশি পর্বতারোহীদের জন্য একটি ক্যাম্প প্রস্তুত করার সময় তুষারধসে অন্তত ১৫ জন নেপালি শ্রমিক নিহত হয়েছেন। চলতি মাসে শেষ হতে যাওয়া শরৎকালীন পর্বতারোহণ মৌসুমে এটিই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। বৃহস্পতিবার এক উদ্ধারকারী কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার কোনো এক সময়ে উত্তরাঞ্চলীয় মানাং জেলায় ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনাটি ঘটে। সেখানে নেপালি শ্রমিকরা তাঁবু খাটানো ও দড়ি বাঁধার কাজ করছিলেন। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের (এনএনএমজিএ) সভাপতি তুল সিং গুরুং জানিয়েছেন, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। বৃহস্পতিবার বরফের নিচ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং বাকি সাতটি উদ্ধার করা হয়েছিল চলতি সপ্তাহের শুরুর দিকে।

গুরুং রয়টার্সকে বলেন, “আজ যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।”

তিনি জানান, নিখোঁজ এক কর্মীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এবং উদ্ধার অভিযানটি সম্ভবত শেষ হতে চলেছে।
তুষারধসের সময় বিদেশি পর্বতারোহীরা ঘটনাস্থলে পৌঁছাননি।

প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী নেপালের পর্বতমালা দেখতে বা আরোহণ করতে সেখানে ভিড় জমান; এর ফলে গাইড, পোর্টার ও অন্যান্য কর্মী হিসেবে এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test