E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪

২০২৬ এপ্রিল ২১ ১৮:৪৭:২৮
জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের নেপিয়ার ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন নোমানুজ্জামান মিয়া নামের এক ব্যক্তি জমিতে নেপিয়ার ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র—লাঠিসোঁটা, কাঁচি, রামদা ও কাঠের বৈঠা নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবু সাঈদ মিয়া (৭০), তার ছেলে শওকত মিয়া (৪২) ও সোয়াইব মিয়া (২০)। তারা একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের দাবি, নোমানুজ্জামানের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় মারধরের পাশাপাশি এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন—নোমানুজ্জামান, পারভীন আক্তার সুইটি, রিকু আক্তার ও রোহান। এ ঘটনায় আব্দুস সালাম মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবু সাঈদ মিয়া বলেন, “তারা মামলা করেছে, আমরাও মামলা করবো।”

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(পিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test