E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ

২০২৬ মে ২০ ১৯:৩৬:০৮
ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইসলাম ধর্মালম্বীদের অনুভূতিতে আঘাত ও মহানবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার তাকে কথার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মালম্বী মানুষকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত গৌরাঙ্গ সরকার (৪৬) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙি গ্রামের লীলাপদ সরকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গৌরাঙ্গ সরকার গত ১৭ মে দুপুরে নবম শ্রেণীতে যেয়ে ইসলাম ধর্মে অনুভুতিতে আঘাত ও মহানবীকে অবমাননা সংক্রান্ত বিভিন্ন কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বিষয়টি ছাত্র ভাটপাড়া গ্রামের জাহিদ হাসান ও শাহারিয়ার হোসেন এলাকায় যেয়ে বিভিন্ন লোকজনকে জানান। একপর্যায়ে স্থানীয় লোকজন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্কুলে যেয়ে জানতে চাইলে ওই শিক্ষক সত্যতা স্বীকার করেন। পরে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আকবর সরদারের ছেলে আব্দুর রউফ বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে বল্লী, মুকুন্দপুর মোচড়া, আখড়াখোলা, ভাটপাড়া ও আমতলা বাজার এলাকায় গেলে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান ও মুকুল স্যারের নেতৃত্বে বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও কর্মচারিদের দুটি গ্রুপ রয়েছে। তাদের বিরোধকে কেন্দ্র করে পূর্বে শফিকুল ইসলাম নামের এক শিক্ষকে এক ছাত্রীর শ্লীলতাহানির মামলায় জেলে যেতে হয়। আবার নবম শ্রেণীর অংকের ক্লাসে শিক্ষক গৌরাঙ্গ সরকারের ধর্ম আলোচনা নিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করা নিয়ে বহিরাগতদের গণপিটানী ও পুলিশে সোপর্দ সর্বপরি শিক্ষাঙ্গনের ভাবমুর্তি কোথায় নিয়ে যাওয়া হলো তা আজ প্রশ্নবিদ্ধ।

নবম শ্রেণীর “খ” বিভাগের কয়েকজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, ১৭ মে সকাল ১০টায় গৌরাঙ্গ স্যার তাদের অংকের ক্লাস নিচ্ছিলেন। এক ঘণ্টার ক্লাস শেষে তিনি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারীর গরু কোরবানীর উপর নিষেধাজ্ঞাসহ কয়েকটি বিষয় নিয়ে কথা তুলে তা বাংলাদেশের মানুষের উপর প্রভাব পড়ছে বলে দাবি করেন। এ সময় তাদের এক সহপাঠী স্যারকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি উত্তর দিতে যেয়ে নিজেকে জড়িয়ে ফেলেন। বিষয়টি তাদের দুই/তিনজন সহপাঠী বাইরে যেয়ে সত্য-মিথ্যা মিলিয়ে উপস্থাপন করে। এরই ফলশ্রুতিতে সোমবার বিকেলে কয়েকজন সাবেক ছাত্র স্কুলে এসে বিরোধ পাকানোর চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে তারা চলে যায়।

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনোয়ার হোসেন ডাবলু জানান, রবিবার গৌরাঙ্গ সরকার নবম শ্রেণীর ক্লাস নেওয়ার পর পরবর্তী ক্লাস তার ছিল। ওইদিন তিনি কিছু না জানলেও সোমবার বিকেল তিনটার দিকে তাদের এক সাবেক ছাত্র স্কুলে এসে গৌরাঙ্গ সরকার ক্লাসে ধর্ম অবমাননা করেছেন মর্মে তাকে অবহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলে যান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আখড়াখোলার ইকরামুল হক শুভ, মুকুন্দপুরের রাশেদ, বল্লীর কামরুজ্জামানসহ ১০/১২ জন তাদের শিক্ষকরুমে ঢুকে পড়ে। তারা গৌরাঙ্গ সরকারের কাছে ইসলাম ধর্ম অবমাননা করার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তখন শুভসহ কয়েকজন ওই স্যারকে কয়েকটি চড় থাপ্পড় মারে। শিক্ষকদের হস্তক্ষেপে বহিরাগতরা চলে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন শিক্ষক একত্রিত হয়ে গৌরাঙ্গ সরকারকে বহিরাগতদের সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়া বা তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে ভীতসন্ত্রস্ত গৌরাঙ্গ দোষ করুন বা না করুন সকলের সামনে ক্ষমা চাইতে রাজী হন। বিষয়টি বাইরে দাড়িয়ে থাকা কয়েকজনকে অবহিত করে সকলের উপস্থিতিতে কান ধরে ক্ষমা চান গৌরাঙ্গ সরকার। এ সময় তিনি প্রকৃত ঘটনা মাইকে বলতে শুরু করলে তাকে কয়েকজন মিলে মারপিট শুরু করলে তিনি অফিসে চলে আসেন। পরে কয়েকজন শিক্ষক তাকে উদ্ধার করে স্কুলের মধ্যে আনা হয়। এর আগে ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান পিকলু স্কুলে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দিলে গৌরাঙ্গ সরকারকে পুলিশে সোপর্দ করা হয়।

বিদ্যালয়রে প্রধান শিক্ষক জামিলুর রহমান সাংবাদিকদের জানান, ইসলাম ধর্ম অবমাননাকর কথা বলায় স্থানীয়রা ক্ষব্ধ হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার দুপুরে গৌরাঙ্গ সরকারকে পুলিশে সোপর্দ করা হয়। রাতে কাঁঠালতলা এলাকার আব্দুর রউফ বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আদালত চত্বরে গৌরাঙ্গ সরকার জানান, ১৭ মে রবিার সকালে নবম শ্রেণীর “খ ” শাখায় অংক পড়ানো শেষে তিনি ছাত্রদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারের মুসিলম বিরোধী কিছু নির্দেশনা তুলে ধরেন। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে বলে জানান তিনি। এ সময় এক ছাত্র শুভেন্দ্র অধিকারীর কিছু কার্যকলাপ নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি কোরবানি বন্ধ করা ও উচ্চস্বরে বক্স বাজানোর বিরোধিতা করেন। পরে বিদ্যালয়ের এক শিক্ষক একাধিক ছাত্রকে ব্যবহার করে তার কথা ঘুরিয়ে স্থানীয়দের মাঝে পরিবেশন করিয়েছে। ফলে তিনি যাহা বলেন নাই তা বলতে বাধ্য করার চেষ্টা করা হলে তিনি অস্বীকার করেন। ফলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে প্রথম দফায় আখড়াখোলার শুভ মারপিট করে। মব সৃষ্টি হতে পারে এমন ভয়ে শিক্ষকদের কথা মত দুপুর সোয়া একটার দিকে তিনি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও তাকে প্রকাশ্যে ইসলাম ধর্মকে অবমাননার বিষয়টি মাইকে বলতে বলায় তিনি রাজী না হওয়ায় তাকে শুভসহ কয়েকজন মিলে বেধড়ক মারপিট করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। স্কুলের শিক্ষকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে তাকে এ ধরণের পরিস্থিতেতে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মালম্বী মানুষকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে কাঁঠালতলা গ্রামের আব্দুর রউফ বাদি হয়ে গৌরাঙ্গ সরকারের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test