E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৬ জুলাই ১৪ ১৯:৪৭:৪২
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাঁর পদত্যাগের দাবিতে শ্লোগান দেন শিক্ষার্থীরা।  

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত শহরের ফৌজদারি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’ সহ নানা শ্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী নিশান অভিযোগ করেন, পরীক্ষা সংস্কারের নামে মন্ত্রণালয়ে বসে আছেন শিক্ষামন্ত্রী। অথচ দেশের বড় একটি অংশ বন্যার পানিতে ভাসছে। এই দুর্যোগময় পরিস্থিতিতে শিক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে পরীক্ষা দিচ্ছেন। আর শিক্ষামন্ত্রী এসিরুমে বসে বিতর্কিত মন্তব্য করছেন, যা মোটেও শিক্ষার্থীবান্ধব নয়।

সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা বলেন, বৈরী আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু চরম দুর্ভোগের মধ্যেই শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়েছে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test